আম চুরির অভিযোগ কিশোরকে পিটিয়ে হত্যা
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্ক :
বাগানের আম চুরির অভিযোগ তোলায় প্রতিপক্ষের পিটুনিতে রাসেল উদ্দিন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত রাসেল ওই গ্রামের মফিজুল হকের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, নিহত রাসেল উদ্দিন কিরণগঞ্জ গ্রামের একটি আমবাগানের পাহারাদার ছিল। প্রায়ই ওই বাগানের আম চুরি হচ্ছিল। সে আম চুরির জন্য একই গ্রামের বাক্কারের ছেলে হালিমকে অভিযুক্ত করে। এতে ক্ষিপ্ত হয়ে রাসেলকে বেদম মারতে থাকে হালিম। রাসেলের চিৎকারে লোকজন এগিয়ে এলে হালিম পালিয়ে যায়। গ্রামের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাসেল মারা যায়।
ওসি রমজান আলী জানান, মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৫–০৮–২০১৬ইং/নোমান