বিদেশে পাচারকালে দুই টাকার নোট জব্দ, ২৮ হাজার
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :
বিদেশে পাচারকালে ২৮ হাজার দুই টাকার নোট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
পোস্টাল পার্সেলে করে চীনে পাচারকালে বৃহস্পতিবার বিকেলে হজরত শাহজালাল বিমানবন্দরে এগুলো জব্দ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, এতদিন মুদ্রা পাচার বলতে আমরা ডলার, ইউরো বা অন্যান্য বিদেশি মুদ্রার পাচারকে বুঝতাম। কিন্তু বাংলাদেশি মুদ্রা বিদেশে পাচারের ঘটনা নতুন ও অভিনব মনে হয়েছে৷ তাও আবার দুই টাকার নোট!
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, পোস্টালের কাগজ অনুযায়ী, এগুলো রাজধানীর যাত্রাবাড়ীর বাসিন্দা ডা. রেদওয়ান আল করিম ভূইয়া চীনের হংকং ও বেইজিংয়ে পাঠানোর চেষ্টা করেন৷
হংকংয়ের গ্রাহকের ঠিকানা হলো- Mr. Bao Rui, Flat-D, 7/F BLKI, Kam Shan Bklg. 29 Taiwai Road. Shatin Nt Hong kong। এই প্রাপকের জন্য করা পার্সেলে ২৪টি প্যাকেটে ২৪ হাজার নোট রয়েছে।
অন্য পার্সেলটি Shifeng Jin. FuRonglui, Beijing, China বরাবর পাঠানো হচ্ছিল। এতে চার প্যাকেটে ৪ হাজার নোট আছে।
দুটো পার্সেলের ওজন মোট ২৮ কেজি।
শুল্ক গোয়েন্দা সূত্র আরো জানায়, পোস্টাল পার্সেলে করে এভাবে বাংলাদেশি মুদ্রা পাঠানো যায় না। এতে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ভঙ্গ হয়েছে। ঘোষণা ছাড়া এই টাকা পাঠানোর চেষ্টায় শুল্ক আইনে মিথ্যা ঘোষণার অপরাধ সংঘটিত হয়েছে।
কী কারণে এই দুই টাকার নোটগুলো পাচারের চেষ্টা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রেরককে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৮–০৮–২০১৬ইং/নোমান