তরুণীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ
মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্ট,
মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামে তরুণীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে।
এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলা পরে অভিযুক্ত আওয়ামী লীগ নেতার ছেলে পলাতক রয়েছেন।
অভিযোগে জানা গেছে, কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল বেপারীর ছেলে শুভ বেপারীর (২৫) সঙ্গে একই এলাকার প্রতিবেশী এক তরুণীর প্রেমের সম্পর্ক তৈরি হয়।
এই সম্পর্কের ভিত্তিতেই ওই তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখে। এরপর একাধিকবার ওই ছবি প্রকাশের ভয় দেখিয়ে শারীরিক সম্পর্কের জন্য চাপ প্রয়োগ করেন।
এতে রাজি না হওয়ায় শুভ বেপারী ওই সব ছবি ফেসবুকে ছড়িয়ে দেন। এতে করে ওই তরুণী লোক লজ্জায় বাড়ি থেকে বেরুতে পারছে না। এ ঘটনায় রোববার তরুণীর পরিবার শুভর বিরুদ্ধে আদালতে মামলা করেছে।
তরুণীর মা বলেন, আমার মেয়ের খারাপ ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। আমি সমাজে মুখ দেখাতে পারছি না। আমি এর বিচার চাই।
তবে অভিযুক্ত শুভর বাবা রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল বেপারী বলেন, এগুলো ষড়যন্ত্র। আমাকে হেয় করার জন্য একটি মহল অপপ্রচার চালাচ্ছে।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, আমি এ বিষয় এখন কিছু জানি না। আদালতে মামলা হলে তার কপি থানায় আসবে। মামলার কপি পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ /১৪ -১১-২০১৬ ইং / মো: হাছিব