রাজধানীতে গলায় চাকু ঠেকিয়ে এক তরুনিকে বিয়ের প্রস্তাব
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
রাজধানীতে বাসায় ঢুকে এক কিশোরীর (১৪) গলায় ধারালো চাকু ঠেকিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে বখাটে এক তরুণ। সময়মতো পুলিশ এসে পড়ায় রক্ষা পেয়েছে ওই কিশোরী। আটক করেছে মো. রমজান আলী (২১) নামের এই তরুণকে।
আজ সোমবার দুপুরে লালবাগের কেল্লার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজ সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরী ও তার পরিবারের বরাত দিয়ে ওসি জানান, রমজান মাঝেমধ্যে ভ্যানগাড়ি চালানোর কাজ করেন। বাকি সময় বেকার কাটান।
কেল্লার মোড় এলাকায় বসবাসরত দরিদ্র ওই কিশোরীর পরিবারের সঙ্গে রমজানের পরিচয় অনেক দিন ধরে। তিনি দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। কিন্তু মেয়েটি এই প্রস্তাবে রাজি ছিল না। সম্প্রতি মেয়েটির পরিবার অন্যত্র তার বিয়ে ঠিক করে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে রমজান।
ওসি জানান, আজ দুপুর ২টার দিকে রমজান ওই কিশোরীর বাসায় জোর করে ঢুকে পড়েন। বাসায় ঢুকে তিনি ওই মেয়ের ঘরে প্রবেশ করে তার গলায় চাকু ধরে বিয়ের প্রস্তাব দেন। বিষয়টি মেয়ের পরিবার তাৎক্ষণিক থানায় জানালে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় রমজানকে আটক করে পুলিশ।
ওসি মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে রমজান দাবি করেছেন, তার সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ওই কিশোরী ও তার পরিবার এই দাবি অস্বীকার করেছে। গলায় চাকু ধরার ঘটনায় এখন পর্যন্ত মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৮- ১১–২০১৬ ইং / মো: হাছিব