সম্পত্তির জন্য স্বামীকে গলা টিপে হত্যা!
ঢাকার সাভারে ফজলুল হক ফজল নামে বিদেশফেরত এক ব্যবসায়ীকে গলা টিপে হত্যা করেছে স্ত্রী।
শুক্রবার সন্ধ্যায় সাভারের বক্তারপুর কোর্টবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যবসায়ী বক্তারপুর এলাকায় কাপড়ের ব্যবসা করতেন।
ফজলের ভাই আতাউল ইসলাম জানান, তার ভাই পাঁচ বছর আগে মালেয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরে আসেন। তার নিজ বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লায়।
আতাউল বলেন, তিনি (ফজল) দেশে ফিরে সাভারের বক্তারপুর এলাকায় তিনটি বাড়ি করেন। পরে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে বক্তারপুর এলাকায় বসবাস শুরু করেন।
ফজলের তিনটি বাড়ি আত্মসাতের জন্য সন্ধ্যায় তার স্ত্রী আকলিমা বেগম ও শ্বশুর সাইফুল ইসলাম হাবিলদার তাকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
খবর পেয়ে প্রতিবেশীরা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাতে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান বলেছেন, হত্যাকারীদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে নিহতের স্ত্রীর পক্ষ থেকে জানানো হয়, ফজলুল হক তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৩ – ১২-২০১৬ ইং / মো: হাছিব