মাটিরাঙ্গায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভায় রিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করেছে তার স্বামী। শুক্রবার পৌরসভার পশ্চিমকাজী পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাটিরাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজীপাড়ার নিজ বাড়িতে রিনা আক্তারের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে মাটিরাঙ্গা থানার পুলিশ লাশ উদ্ধার করে।
রিনা আক্তারের বাবা মো. আব্দুর রহিম অভিযোগ করেন, ‘শুক্রবার ভোর ৪টার দিকে আমার মেয়েকে গলাটিপে হত্যা করেছে স্বামী জামাল হোসেন।’
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো এলাকাবাসীর বরাত দিয়ে জানান, মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের আদর্শগ্রাম এলাকার মো. আব্দুর রহিমের কন্যা রিনা আক্তারকে ৯ বছর আগে জামাল হোসেন বিয়ে করেন।বিয়ের পর থেকে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। বৃহস্পতিবার বিকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শুক্রবার ভোরে রিনা আক্তারকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় রিনা আক্তারের বাবা মো. আব্দুর রহিম বাদী হয়ে হত্যা মামলার দায়ের করেছেন।