৪৫ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ
নগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে ৪৫ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে এই অভিযান চালানো হয়।
গ্রেফতার দুজন হলেন আনোয়ারার পশ্চিম পাড়ার ছালেহ আহমদের ছেলে মো. ইসমাইল ওরফে মানিক (২৮) ও কর্ণফুলীর চরলক্ষা এলাকার আব্দুস সালামের ছেলে মো. আবুল কালাম (৩৭)।
নগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ হাজার পিস ইয়াবাসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে,দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ থেকে কিনে এনে চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় ইয়াবা বিক্রি করে আসছিল।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।