সাইকেল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :
রাজধানীর বনশ্রী এলাকায় বাইসাইকেল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবকের নাম মো. মানিক মিয়া (২৫)। বুধবার দুপুরে বনশ্রীর ই-ব্লকের ৯/৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিমন ও সফিকুল ইসলাম নামে ২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বনশ্রীর ই ব্লকের ৯/৫ নম্বর রোডের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে শাহনেওয়াজ রিমনের একটি বাইসাইকেল ২০/২৫ দিন আগে চুরি হয়। এ ঘটনায় মানিককে সন্দেহ করতেন তিনি। বুধবার সকাল ১১টার দিকে মানিককে রাস্তা থেকে ধরে নিয়ে বাড়ির নীচতলায় গাড়ির গ্যারেজে ঢুকিয়ে বেদম প্রহার করেন শাহনেওয়াজ রিমন ও তার বন্ধু সফিকুল ইসলামসহ অন্য সহযোগিরা। এতে গুরুতর আহত হয়ে পড়েন মানিক। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন। পরে খিলগাঁও থানা পুলিশ সন্ধ্যায় হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহত মানিক বরগুনা সদরের খাকবুনিয়া গ্রামের আলী আকবরের ছেলে। তার স্ত্রীর নাম কলি। তাদের একটি ছেলে রয়েছে। মানিক দক্ষিণ বনশ্রীর এ ব্লকের এফ-৩১ ৫ম তলা বাড়ির চতুর্থ তলায় থাকতেন।
খিলগাঁও থানার এসআই মনির হোসেন জানান, এ ঘটনায় বুধবার বিকালে রিমন ও তার বন্ধু সফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০১-মার্চ-২০১৭ইং/নোমান