মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভৈরবে ইভটিজিংয়ে বাধা দেয়ায় যুবক নিহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮১ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জের ভৈরবে ইভটিজিংয়ে বাধা দেয়ায় বখাটেদের ছুরিকাঘাতে রমজান (২০) নামের এক যুবক নিহত হয়েছে। ২৮ জুন বুধবার সন্ধ্যায় উপজেলার মেঘনা নদীর উপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সেতুর (মেঘনা সেতু ) নিচে এ ঘটনা ঘটে।

নিহত যুবক রমজান

নিহত যুবক রমজান (২০) নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের চম্পক নগর গ্রামের মুজিব সরকারের ছেলে।

জানা যায়, বুধবার বিকালে রমজানসহ তার ৫জন বন্ধু মিলে মেঘনা নদীর তীরে বেড়াতে আসে। সন্ধ্যা ৬টার দিকে তারা সৈয়দ নজরুল ইসলাম সেতুতে (মেঘনা সেতু) হাঁটাহাটি করছিল।ওই সময় কয়েকজন তরুণীকে বখাটের একটি দল উত্যক্ত করছিলো।ঘটনাটি দেখে রমজান ও তার বন্ধুরা এগিয়ে প্রতিবাদ করে।এ সময় বখাটেরা তাদের ওপর চড়াও হয়ে এ নিয়ে দুপক্ষের হাতাহাতি হয়।ওই সময় বখাটের দলের সাথে আরো কয়েকজন এসে যোগ হয়ে তাদের প্রচন্ড মারধর করতে থাকে।এক পর্যায়ে রমজানকে একা পেয়ে বখাটেরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করে।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পুলিশ বন্ধুদের মাধ্যমে রমজানের লাশ সনাক্ত করে।

এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে ভৈরব থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। অপরাধীদের সনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৯-০৬-২০১৭ইং/ অর্থ