কুনিও হত্যার বিচার চেয়েছে জাপান: রাষ্ট্রদূত

হোসি কুনিও হত্যার বিচার চেয়েছে জাপান। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে রবিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দুপুরে সাক্ষাৎ করে এ বিচার চেয়েছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
হোশি কুনিও হত্যার ঘটনা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাতে দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
মাসাতো ওয়াতানাবে পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বাংলাদেশের উন্নয়নে জাপান সবসময়ই পাশে থাকবে। ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে উন্নীত হতে জাপান বাংলাদেশকে সহায়তা করবে।
সূত্র জানায়, জাপানের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে জানান, কুনিও হত্যার ঘটনায় বাংলাদেশে কর্মরত জাপানের নাগরিকদের মনোবলে চিড় ধরেছে। বাংলাদেশ যে বিদেশীদের জন্য নিরাপদ তা প্রমাণ করা এবং জাপানের নাগরিকদের মনোবল পুনরুদ্ধারে কুনিও হত্যার সঙ্গে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো প্রয়োজন।
আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী জাপানের রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ সরকার জাপানের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছে। পরস্পরের স্বার্থে বাংলাদেশে বিনিয়োগের জন্য পররাষ্ট্রমন্ত্রী জাপানের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।