হাতিরঝিল সংলগ্ন এলাকায় ভবন নির্মানে নিষেধাজ্ঞা প্রত্যাহার
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- রাজধানীর হাতিরঝিল সংলগ্ন এলাকার জমির মালিকদের বিশেষ সুযোগ দিচ্ছে সরকার। এজন্য ওই এলাকায় ভবন নির্মাণ সংক্রান্ত একটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে জমির মালিকরা বিদ্যমান আইন অনুসরণ করে হাতিরঝিল সংলগ্ন ভূমিতে ভবন নির্মাণ করতে পারবেন।
আজ রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডিটেইল এরিয়া প্লান-ড্যাপের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটির অষ্টম বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান এলজিআরডি মন্ত্রী। তিনি এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রী বলেন, হাতির ঝিল প্রকল্প সম্প্রসারণ করা হবে। ঝিল উন্নয়নের জন্য স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ১৩৯ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রথমে তারা জমি না দিতে চাইলেও পরে তাদেরকে হাতিরঝিলের মাহাত্ম বোঝানো হলে তারা রাজি হয়। তাদের স্বার্থের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়। কারণ তাদের জমির পরিধি কমে গেলে তারা যেন উপরের দিকে ভবন বাড়াতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। এতে তাদের ক্ষতি অনেকাংশে কমে আসবে।
হাতিরঝিলের সৌন্দর্য অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, হাতিরঝিলের সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেদিকেও সবাইকে নজর রাখতে হবে।
ড্যাপের নকশা প্রণয়নের বিষয়ে তিনি বলেন, ড্যাবের নির্ধারিত কর্মকাণ্ড আজকের সভায় আলোচনা হয়েছে। আগামী মাসের ১/২ তারিখে আবার বৈঠক হবে। ওই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। কারণ ড্যাপ পর্যালোচনায় আমরা দুইটি কনসালটেশন ফার্ম নিয়োগ করেছি। এদের রিপোর্ট পাওয়ার পরেই সার্বিক বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
বৈঠকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং সচিব ও রাজউকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/10-04-2016/মইনুল হোসেন