সান্তাহারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাব্বির রাজশাহীর বোয়ালিয়ার শালবল এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। বুধবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের তারাপুর রেলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোক্তার হোসেন জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে তারাপুর লেভেলক্রসিং এলাকায় পৌঁছলে ওই যুবক ট্রেনে কাটা পড়ে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, রেললাইনের ওপর দিয়ে পার হওয়ার সময় বা হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।