সজীব আল হোসাইন: ইতালির আসন্ন ভেনিস মিউনিসিপ্যাল নির্বাচনে এবার দেখা যাচ্ছে এক বিরল চিত্র। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রাম থেকে আসা দুই প্রবাসী বাংলাদেশি লড়ছেন কাউন্সিলর পদে।পৃথক দুটি রাজনৈতিক দল থেকে দুই হেভিওয়েট প্রার্থীর আগাম প্রচারণায় ভেনিসের বাংলাদেশি কমিউনিটিতে বইছে আগাম নির্বাচনী হাওয়া।
আসন্ন নির্বাচনকে ঘিরে ভেনিস ও এর পার্শ্ববর্তী মেস্ত্রে অঞ্চলে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।এবারের নির্বাচনে স্থানীয় কাউন্সিলর পদে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কিশোরগঞ্জ জেলার দুই কৃতি সন্তান।চলমান নির্বাচনী প্রচারণায় কিশোরগঞ্জ জেলার এই দুই প্রার্থীর সক্রিয় উপস্থিতি পুরো বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ ও চাঙ্গা করে তুলেছে। প্রার্থীরা প্রতিদিন স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসায় গিয়ে কুশল বিনিময় করছেন এবং ভেনিসের উন্নয়নে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরছেন।
নির্বাচনী লড়াইয়ে নেমেছেন আব্দুল্লাহপুর গ্রামের কৃতি সন্তান মো. মতিউর রহমান। তিনি ইতালির মধ্যপন্থী রাজনৈতিক দল ইউডিসি (Unione di Centro - UDC) থেকে মেস্ত্রে-কারপেনেদো (Mestre-Carpenedo) ও জেলারিনও-কিরিনিয়াগো (Zelarino-Chirignago) থেকে কাউন্সিল পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।ইতিমধ্যে তিনি ভেনিসের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও বাংলাদেশি ভোটারদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন।
অন্যদিকে,একই গ্রামের বাসিন্দা এবং বর্তমান কাউন্সিলর আফাই আলী পুনরায় নির্বাচনের ঘোষণা দিয়েছেন।তিনি ইতালির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল পিডি (Partito Democratico - PD) মেস্ত্রে-কারপেনেদো (Mestre-Carpenedo) থেকে কাউন্সিলর পদে নির্বাচন করবেন।বর্তমান কাউন্সিলর হিসেবে তার অভিজ্ঞতা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়তা তাকে বিশেষ অবস্থানে রেখেছে।
কমিউনিটিতে নির্বাচনী আমেজ একই গ্রামের দুই সন্তান ভেনিসের স্থানীয় রাজনীতিতে শক্তিশালী অবস্থানে থাকায় আনন্দিত আব্দুল্লাহপুর তথা কিশোরগঞ্জ প্রবাসী বাংলাদেশিরা।স্থানীয়রা বলছেন, এটি কেবল একটি নির্বাচন নয়, বরং বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক ক্ষমতায়নের প্রতীক। যদিও তারা দুইজন ভিন্ন ভিন্ন দল থেকে লড়ছেন,তবুও একই গ্রামের হওয়ায় ভোটারদের মধ্যে অন্যরকম উদ্দীপনা কাজ করছে।
মো. মতিউর রহমান ও আফাই আলী—উভয় প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী।তারা ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের নানা সমস্যা সমাধান এবং স্থানীয় প্রশাসনে প্রবাসীদের জোরালো কণ্ঠস্বর হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।