মূল সংবাদে যান
১৬ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

নিকলীতে হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট ১৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ
নিকলীতে হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বজ্রপাতে মো. মতিউর রহমান (৬৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) বিকেলে উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের বরবান্দ হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে কৃষক মতিউর রহমান হাওরের মাঝামাঝি বরবান্দ এলাকার খোলা মাঠে কেটে আনা ভেজা বোরো ধান শুকানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়।

একপর্যায়ে শক্তিশালী বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মাঠে থাকা অন্যান্য কৃষক দ্রুত তাকে উদ্ধারে এগিয়ে আসেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

আকস্মিক এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয়রা জানান, চলতি বোরো মৌসুমে হাওর এলাকায় কৃষকদের ব্যস্ততা বেড়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে খোলা মাঠে কাজ করতে গিয়ে জীবনের ঝুঁকিও বাড়ছে।

এ বিষয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিহত কৃষকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।