muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ফরিদপুরে বাস–অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

ফরিদপুরে বাস–অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

ঈদযাত্রার পথে ফরিদপুরে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের প্রাণ গেছে।

রোববার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানিয়েছেন।

নিহতরা হলেন- মাদারীপুর সদরের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা হাজী আব্দুর ওহেদ মোল্যার ছেলে মো. জাহাঙ্গীর মোল্যা (৬২) ও তার স্ত্রী মাজেদা বেগম (৫৫), ভাই আলমগীর হোসেন মোল্যা (৫৮) ও তার স্ত্রী খুরশিদ বেগম (৪৮)।

আরেকজন অ্যাম্বুলেন্সের চালক কাওছার মাতুব্বর (২৫)। তিনি মাদারীপুর সদরের সৈদারবালী এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ``অসুস্থ স্বজনকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুরে চিকিৎসক দেখাতে যাচ্ছিল মাদারীপুরের একই পরিবারের চার সদস্য৷ পথে যাত্রীবাহী বিআরটিসির একটি বাসের ওভারটেকিংয়ে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্স৷ এতে একই পরিবারের চার সদস্য ও অ্যাম্বুলেন্স চালক ঘটনাস্থলেই নিহত হন।''

ওসি হেলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। পরে স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে।

অ্যাম্বুলেন্সের চালকসহ আমরা মাদারীপুরের একই পরিবারের চার সদস্য মরদেহ উদ্ধার করি। লাশের সুরতহাল রিপোর্টের জন্য হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।”

নগরকান্দা থানার ওসি সামদানি বলেন, ``দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্স আমরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।''

Tags: