সজীব আল হোসাইন, ইতালি: ইতালির পাদোভা (Padova) পৌরসভায় অনুষ্ঠিত বিদেশি প্রতিনিধি নির্বাচনে কাউন্সিলর পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম স্বপন।এই গৌরবময় বিজয়ের মাধ্যমে তিনি স্থানীয় প্রবাসী এবং বিদেশি নাগরিকদের মাঝে নিজের মেধা ও জনপ্রিয়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।এর আগে,২০২৩ সালে অনুষ্ঠিত পাদোভা বাংলাদেশ সমিতি (এবিপি)-র নির্বাচনেও তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।সাম্প্রতিক এই নতুন বিজয়ের ফলে ইতালির মূলধারার রাজনীতি এবং সামাজিক অঙ্গনে তার অবস্থান আরও শক্তিশালী হলো।আর্তমানবতার সেবক ও সফল ব্যক্তিত্ব ২০০০সালে ইতালিতে পাড়ি জমানো শফিকুল ইসলাম স্বপন দীর্ঘ প্রবাস জীবনে নিজের সততা ও মেধা দিয়ে স্থানীয় প্রশাসন ও প্রবাসীদের মাঝে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে গড়ে তুলেছেন।
বর্তমানে তিনি স্থানীয় পুলিশ স্টেশন, পৌরসভা কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি দফতরে প্রবাসীদের অধিকার ও স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।ভাষা ও আইনি জটিলতায় পড়া সাধারণ প্রবাসীদের পাশে দাঁড়িয়ে তিনি দীর্ঘদিন ধরেই আলো ছড়াচ্ছেন।শফিকুল ইসলাম স্বপন বাংলাদেশের কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতা মরহুম আব্দুল লতিফ সরকার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।পিতার আদর্শে অনুপ্রাণিত স্বপন প্রবাসের মাটিতেও দেশের মুখ উজ্জ্বল করছেন।
ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক। তার তিন ছেলেই বর্তমানে ইতালির স্থানীয় বিদ্যালয়ে অধ্যয়নরত।প্রবাসীদের আনন্দ ও অভিনন্দন শফিকুল ইসলাম স্বপনের এই ধারাবাহিক সাফল্যে পাদোভায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মাঝে আনন্দের বন্যা বইছে।স্থানীয় প্রবাসীরা জানান,স্বপন ভাইয়ের এই বিজয় কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো বাংলাদেশের গৌরব।তিনি কাউন্সিলর নির্বাচিত হওয়ায় এখন থেকে ইতালির স্থানীয় সরকারের কাছে প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে।
নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে নবনির্বাচিত বিদেশি প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি আগামী দিনগুলোতে দল-মত নির্বিশেষে সকল প্রবাসীর কল্যাণে এবং বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।