muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে তিনজন নিহত, ইউপি চেয়ারম্যান গ্রেফতার

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে তিনজন নিহত, ইউপি চেয়ারম্যান গ্রেফতার

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাজিরা উপজেলার সহ-সভাপতি।

বিলাসপুরে ককটেল বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

পুলিশ জানায়, রোববার সকালে রাজধানীর মতিঝিল এলাকায় শরীয়তপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও জাজিরা থানা-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে কুদ্দুস ব্যাপারীকে গ্রেফতার করে। সন্ধ্যায় তাকে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক লাভলী শীল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৮ জানুয়ারি জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে নয়ন মোল্লা (২৫), নবী হোসেন (২২) ও সোহান ব্যাপারী (৩২) নিহত হন। এ ঘটনায় জাজিরা থানার পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে ৫৩ জনকে আসামি করে মামলা করে। কুদ্দুস ব্যাপারী ওই মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি।

পুলিশের দাবি, কুদ্দুস ব্যাপারীর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরণ, লুটপাট, মানবপাচারসহ বিভিন্ন অভিযোগে শরীয়তপুর ও ঢাকার বিভিন্ন থানায় মোট ৬২টি মামলা আছে। কয়েকটি মামলায় তিনি জামিনে থাকলেও একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

জাজিরা থানার ওসি সালেহ আহাম্মদ বলেন, কুদ্দুস ব্যাপারী ককটেল বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

Tags: