muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

নাটোরের উত্তরা গণভবনে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকালে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

আটক যুবক তানিম নাটোর শহরের কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, শুক্রবার বিকাল ৩টার দিকে উত্তরা গণভবন পরিদর্শন শেষে গেইটের সামনে আয়োজিত পথসভায় বক্তব্য দেন মন্ত্রী ও হুইপ।

তিনি বলেন, বক্তব্য শেষে মন্ত্রী ও হুইপ মঞ্চ থেকে নামার সময় তানিম তাদের কাছে চলে যান। এ সময় সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে তার কাছে একটি পিস্তল পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, মন্ত্রী ও হুইপ গাড়িতে ওঠার সময় ওই যুবক এগিয়ে এলে তাকে আটক করা হয়। উদ্ধার করা পিস্তলটি পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ঘটনাস্থলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পর্যটন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: