muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

নেত্রকোণায় কবরস্থান নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নেত্রকোণায় কবরস্থান নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় কবরস্থানের আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় এ সংঘর্ষ হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান। আহতদের মধ্যে প্রায় ১৫ জনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আমগড়া বাজারের পাশে অবস্থিত কবরস্থান নিয়ে আমগড়া ও পুলিয়া পানেশ্বরপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কবরস্থান ঘেঁষে আমগড়া গ্রামের কয়েকজন বাসিন্দা দোকান নির্মাণের উদ্যোগ নিলে পুলিয়া পানেশ্বরপাড়ার লোকজন এতে বাধা দেন। এ নিয়ে আজ দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

আমগড়া গ্রামের বাসিন্দা দুলাল মিয়ার দাবি, কবরস্থানটি সর্বজনীন। আশপাশের আটটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সেখানে মরদেহ দাফন করে আসছেন। তবে পুলিয়া পানেশ্বরপাড়ার লোকজন কবরস্থানটি এককভাবে ব্যবহারের চেষ্টা করায় বিরোধের সৃষ্টি হয়েছে।

এদিকে, পুলিয়া পানেশ্বরপাড়ার বাসিন্দা মো. কালাম জানান, কবরস্থানের জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র তাদের গ্রামের লোকজনের নামে রয়েছে। আমগড়া গ্রামের লোকজন জোর করে কবরস্থানটির ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করায় বিরোধের সূত্রপাত হয়।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুহাম্মদ আল মামুন গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত সংঘর্ষে আহত ৫০ জনের বেশি লোককে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও রোগী আসছেন। একসঙ্গে বিপুলসংখ্যক রোগী আসায় সেবা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আমগড়া বাজারের তিনটি দোকান ও একটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tags: