muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

টাঙ্গাইলে ৪ বছরের মেয়েকে হত্যা করে গলায় ফাঁস নিলেন মা

টাঙ্গাইলে ৪ বছরের মেয়েকে হত্যা করে গলায় ফাঁস নিলেন মা

টাঙ্গাইলের মির্জাপুরে একটি বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। চার বছরের সন্তানকে হত্যার পর মা গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে ভাষ্য পুলিশের। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

নিহতরা হলেন- কণিকা বেগম (২৫) ও তার চার বছরের মেয়ে রাজিয়া আক্তার। কণিকা ওই গ্রামের নির্মাণ শ্রমিক রাজীব মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানান, সংসারে আর্থিক অনটন নিয়ে কণিকা ও তার স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। বৃহস্পতিবার রাতে ঝগড়ার পর রাজীব বাড়ি থেকে বের হয়ে সিলেটে চলে যান।

এদিন সকালে কণিকা মেয়েকে নিয়ে বাবার বাড়ি যেতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন বাধা দেন। পরে তিনি মেয়েকে নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের ভেতর উঁকি দিয়ে কণিকার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে ঘরে ঢুকে মেঝেতে শিশু রাজিয়ার লাশও পড়ে থাকতে দেখেন স্বজনরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে বলে জানান মির্জাপুর থানার এসআই সুমন মিয়া।

তিনি বলেন, প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, প্রথমে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং পরবর্তীতে মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tags: