মূল সংবাদে যান
০৬ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

উত্তরার হোটেল কক্ষে চীনা নাগরিকের লাশ উদ্ধার, অতিরিক্ত মদ্যপানে মৃত্যুর ধারণা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৮ বার পঠিত ২ মিনিটের পাঠ
উত্তরার হোটেল কক্ষে চীনা নাগরিকের লাশ উদ্ধার, অতিরিক্ত মদ্যপানে মৃত্যুর ধারণা

ঢাকার উত্তরার একটি আবাসিক হোটেল থেকে চীনের এক নাগরিকের লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

শনিবার সকাল ৯টার দিকে খবর পেয়ে উত্তরা ৩ নম্বর সেক্টরের ওই হোটেল থেকে লাশটি উদ্ধারের কথা বলেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. খালিদ মনসুর।

লি শিংচিয়াং নামে ৪০ বছর বয়সি ওই চীনা ‘বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের’ ৯০৫ নম্বর কক্ষে ছিলেন।

ওসি বলেন, “একই হোটেলের অন্য দুটি কক্ষে আরও তিন চীনা নাগরিক ছিলেন। তারা ওই চীনা নাগরিকের কক্ষে গিয়ে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।”

পরে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে, সেখান থেকে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ হোটেল কক্ষ থেকে লাশটি উদ্ধার করে।

অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা বলেছেন ওসি। বলেন, “ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”

ওই হোটেলে মদ বিক্রি বা সেবনের অনুমোদন না থাকার কথা তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেওয়া হবে।

তিনি বলেন, ওই চীনা নাগরিক কবে এবং কোন উদ্দেশ্যে ঢাকায় আসেন এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।