অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিউটন দাস (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার কলমা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিউটন দাস অষ্টগ্রাম উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। তিনি শ্রীনন্দ দাস ও রেখা রানী দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নিউটন দাস মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়ে হাওরে যান। মাছ ধরার সময় সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টার মধ্যে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে নিউটন দাসকে মৃত অবস্থায় পান। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুকনুজ্জামান বলেন, হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে নিউটন দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।