মূল সংবাদে যান
১২ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

অষ্টগ্রামে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আইনজীবী নিহত

প্রতিনিধি ৪০ বার পঠিত ২ মিনিটের পাঠ
অষ্টগ্রামে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আইনজীবী নিহত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহত মিজানুর রহমান (৫৬) গাজীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ছিলেন। তিনি জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা।

শুক্রবার সন্ধ্যার দিকে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন অলওয়েদার সড়কের ভাতশালা এলাকা সংলগ্ন একটি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান জানান।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মুখোমুখি সংঘর্ষে দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। এতে ইজিবাইকে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে যান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়।

আহতদের মধ্যে রয়েছেন- গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পিপি মকবুল হোসেন কাজল, আইনজীবী ইকবাল হোসেন, মহসীন রেজা সরকার, ইজিবাইক চালক স্বাধীন মিয়া।

তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ খালেকুল ইসলাম ববি জানান।

অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, পিকআপ ও ইজিবাইকটি থানায় আনা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।