মূল সংবাদে যান
১৪ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

পাকুন্দিয়ায় মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রতিনিধি ২৯ বার পঠিত ২ মিনিটের পাঠ
পাকুন্দিয়ায় মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকের টাকার জন্য মাকে মারধরের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেওকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকাবাসি অভিযুক্ত বড় ভাই হৃদয় মিয়াকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহত গেন্দু মিয়া (২০) ও অভিযুক্ত হৃদয় চরদেওকান্দি গ্রামের মৃত আবুল কাশেম ওরফে কালাচাঁনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গেন্দু মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই মা ও ভাইকে মারধর করতেন। শনিবার রাত ৯টার দিকে গেন্দু মিয়া মাদক ও একটি মোবাইল ফোন কেনার জন্য টাকা দিতে তার মায়ের ওপর চাপ সৃষ্টি করেন। টাকা দিতে অস্বীকার করায় তিনি মাকে মারধর শুরু করেন। খবর পেয়ে হৃদয় ছুটে গিয়ে বাধা দিলে গেন্দু মিয়া ছুরি নিয়ে তার দিকে তেড়ে আসেন। এসময় দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতির একপর্যায়ে হৃদয়ের ছুরিাকাঘাতে গেন্দু মিয়া গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত গেন্দু মিয়াকে উদ্ধার করে দ্রæত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত হৃদয়কে আটক করেছে। নিহত গেন্দু মিয়া মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।