মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সফিকুল ইসলাম বলেন, দুপুর ২টা ৩৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রাইভেট কারের চালক ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের ভবেরচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ওলিউজ্জামান বলেন, ‘নিউ বলেশ্বর’ বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে প্রাইভেট কারটি মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষে কিছুটা পথ উল্টো পথে গিয়ে ইউটার্ন করে ঢাকার দিকে ফিরছিল।
ইউটার্ন নেওয়ার আগেই বাসটির সঙ্গে প্রাইভেট কারটির সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের ওপর উঠে উল্টে যায়। প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার সময় প্রাইভেটকারে চালকসহ পাঁচজন ছিলেন। বাসের যাত্রীরা বড় ধরনের ক্ষতির শিকার হননি বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেওয়ার পর প্রায় এক ঘণ্টা পর কুমিল্লামুখী লেনে যান চলাচল স্বাভাবিক হয়।