মূল সংবাদে যান
২৪ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ভৈরবে ক্ষতিকর জেলি মিশ্রিত চিংড়ি মাছ বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি ৩০ বার পঠিত ২ মিনিটের পাঠ
ভৈরবে ক্ষতিকর জেলি মিশ্রিত চিংড়ি মাছ বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সাড়ে ৫টার দিকে ভৈরব পুলতাকান্দা এলাকার নৈশ্যকালীন মৎস্য আড়তে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হকের নেতৃত্বে একটি টিম ভৈরব পুলতাকান্দা নৈশ্যকালীন মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন। অভিযানে ডলফিন মৎস্য আড়তে জেলি মিশ্রিত ২৫ কেজি চিংড়ি জব্দ করা হয়। এসময় জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির দায়ে আড়ৎ মালিক ফরহাদ মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে অন্তর ফিস এন্টারপ্রাইজ মালিক অন্তর বর্মণকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় জেলি মিশ্রিত ৩৫ কেজি চিংড়ি জব্দ করা হয়। এছাড়া অভিযানে বিসমিল্লাহ মৎস্য আড়তের ১০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়। এসময় আড়ৎ মালিক সেলিম মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসেন, ভৈরব নৌপুলিশের উপ-পরিদর্শক মো. রহিদুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক জানান, মৎস্য আড়তে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠান থেকে ৭০ কেজি ক্ষতিকর জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়। এসব জেলি মিশ্রিত চিংড়ি মাছ বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান শেষে জব্দকৃত জেলি মিশ্রিত চিংড়ি মাছ মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।