ভৈরবে অটোরিকশার চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর আলী (৫০) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার শিমুলকান্দী ইউনিয়নের তুলাকান্দী গ্রামের পাভেল মিয়ার অটোরিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকবর আলী উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। অটো চালিয়েই চলত তার সংসার। তার পরিবারে তিনটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে আকবর আলী তার নববিবাহিত মেয়ের ফিরাযাত্রা (বিদায়) অনুষ্ঠান শেষে তুলাকান্দী এলাকায় পাভেল মিয়ার গ্যারেজ থেকে নিজের অটোরিকশা আনতে যান। সেখানে চার্জের লাইন খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন আক্কাছ আলী বলেন, ‘বিকেলে তুলাকান্দী গ্যারেজ থেকে ফোনে জানানো হয়, আকবর বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, যেন দ্রুত হাসপাতালে আসি। হাসপাতালে এসে জানতে পারি, সে মারা গেছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানিয়া ইসলাম নেভী জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।