মূল সংবাদে যান
১১ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: চারজনকে রিমান্ড দিয়েছে আদালত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩১ বার পঠিত ২ মিনিটের পাঠ
রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: চারজনকে রিমান্ড দিয়েছে আদালত

ঢাকার সেগুনবাগিচার দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি কালি দিয়ে মোছার চেষ্টার ঘটনায় করা মামলায় গ্রেফতারকৃত দুইজনকে তিন দিন ও বাকি দুইজনকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়।

এর আগে গ্রেফতারকৃত চারজনকে রাষ্ট্রদোহ মামলায় আটক দেখায় পুলিশ।

রোববার তাদের আদালতে তোলা হলে প্রত্যেককে সাত দিনের রিমান্ড আবেদন করা হয় বলে জানান শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, “আজ তাদেরকে আদালতে তোলার পর রিমান্ডের আবেদন করা হয়েছিল”।

এর আগে শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে কয়েকজন।

পরে ওই ঘটনায় চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াস, মো. সাকিবুল হাসান, মো. সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমি।

এর মধ্যে আয়াস ও সাকিবুল হাসানের তিন দিন এবং সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে গত ৫ই অক্টোবর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরে ফুটপাতের পাশের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়েছিল।