বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘প্রয়াসের’ তালবীজ রোপণ কর্মসূচি
সবুজায়ন বৃদ্ধি, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাব্যাপী তালবীজ রোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রয়াস’।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দিনব্যাপী উপজেলার প্রধান প্রধান ফসলের মাঠে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। নওভাগিয়া বিল, ছয়চির বিল, মুনিয়ারিকান্দা ও চরলক্ষী এলাকায় প্রায় ১৫০টি তালবীজ রোপণ করা হয়।
‘বজ্রপাতের ঝুঁকি কমাতে, তালগাছ লাগাই মাঠে-ঘাটে’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল ‘প্রয়াস’ এর পরিবেশ সুরক্ষা সেল।
কর্মসূচির সূচনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রয়াসের পরিবেশ সুরক্ষা সেলের তত্ত্বাবধায়ক, কবি ও সবুজকর্মী গোলাপ আমিন। বক্তব্য রাখেন শিক্ষক ও সমাজসেবক এম.এস. আল মামুন, প্রয়াসের আহ্বায়ক নূরুল জান্নাত মান্না এবং পরিবেশ সুরক্ষা সেলের সমন্বয়ক মাহাদী হাসান প্রান্ত।
এ সময় প্রয়াসের অর্থ সমন্বয়ক মোস্তাক আহমেদ সিয়াম, সহ-অর্থ সমন্বয়ক মোঃ মোছাদ্দীকুজ্জামান, মিডিয়া সমন্বয়ক আরিফুল ইসলাম, সদস্য ইসতিয়াক হাসান মাহিন, ইমন আহমেদ, কায়সার হাবিব, রাফসান রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন
আয়োজকরা জানান, বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ রোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয় গ্রহণের বিষয়ে জনসচেতনতা তৈরিও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।