মূল সংবাদে যান
১৭ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

রাবিতে বাস ভাংচুর : সাংবাদিককে পিটিয়ে জখম

Muktijoddhar Kantho ১০৭ বার পঠিত ৩ মিনিটের পাঠ

পাপন সরকারর শুভ্র, রাজশাহী :

পেশাগত দায়িত্ব পালনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সাংবাদিককে পিটিয়ে গুরুতর জখম করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

সোমবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক আরাফাত রহমান ডেইলি স্টারের রাবি প্রতিনিধি। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখে মারাত্মক জখম হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে চট্টগ্রাম থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের একটি বাসে ক্যাম্পাসে আসছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। কুমিল্লায় ভাড়া নিয়ে বাসের সুপারভাইজারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে বাসে বিজয় সিগারেট খাওয়া নিয়ে ফের সুপারভাইজারের সঙ্গে কথাকাটাকাটি হয়। বিষয়টি জানতে পেরে সকালে বিশ্ববিদ্যালয়েল মেইন গেটে জড়ো হন ছাত্রলীগের ১৫-১৬ জন নেতাকর্মী। বাসটি সেখানে আসলে ভাঙচুর শুরু করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় সাংবাদিক আরাফাত ছবি তুলতে গেলে তাকে বেধড়ক মারধর করেন ৭-৮ জন ছাত্রলীগ নেতাকর্মী। পরে মেইন গেটে দায়িত্বরত পুলিশ আরাফাতকে উদ্ধার করে। আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি এখন হাসাপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

রাবি ছাত্রলীগের সহসভাপতি আহমেদ সজীব বলেন, আমরা মারধর বা ভাঙ্গচুরের ঘটনায় জড়িত ছিলাম না। সাধারণ শিক্ষার্থীরা এ ঘটনা
ঘটিয়েছে।

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, কয়েকজন সাধারণ শিক্ষার্থীর সঙ্গে বাসের সুপারভাইজারের ঝামেলা হয়েছিল বলে শুনেছি। সাংবাদিককে মারধরের বিষয়ে তিনি বলেন, আামি বিষয়টা শুনেছি, তবে তাকে মারধরে আমাদের কেউ জড়িত ছিল না। যদি কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বাসটিতে হালকা ভাঙচুর করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। এ সময় একজনকে মারধর করতে দেখলে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করেছে। তারা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১০–জুলাই–২০১৭ইং/নোমান