কেরানীগঞ্জে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ কেরানীগঞ্জে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রুহুল আমিন (৫০) নামে এক ব্যাক্তি মারা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার গুলিস্থান থেকে নবাবগঞ্জের বান্দুরা যাওয়ার উদ্দেশ্যে যমুনা পরিবহনের একটি বাস (মানিকগঞ্জ-জ-০৪০০২৫) ছেড়ে আসে। কেরানীগঞ্জ উপজেলার ঢাকা নবাবগঞ্জ সড়কের দেওসুর এলাকায় বাসটি পৌছলে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় অজ্ঞাতনামা ৫ যাত্রী আহত হলে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট শেষে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক এনায়েত কবির মামুন জানান, গুলিস্থান থেকে নবাবগঞ্জের বান্দুরা যাওয়ার উদ্দেশ্যে যমুনা পরিবহনের একটি বাস ছেড়ে এসে দেওসুর এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই রুহুল আমিন নামে এক ব্যাক্তি মারা যায়। নিহতের পকেটে থাকা পরিচয় পত্র দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরে তার সাথে থাকা মুঠোফোনে আত্মীয়দের ফোন করলে তার শ্যালক নাসির, ভাগ্নে আবু তাহের ও ভাতিজা আল-আমিন ঘটনাস্থলে এসে তার লাশ শনাক্ত করে। তারা জানান, নিহত রুহুল আমিন নবাবগঞ্জের শোল্লা বোয়ালিয়া গ্রামের একটি মসজিদে ইমামতি করতেন। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।