রাজশাহীতে শিবির নেতার অস্ত্র মামলায় যাবজ্জীবন

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়ার সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজশাহী দ্রুতবিচার ট্রাইব্যুনাল।
সোমবার দুপুর আড়াইটায় ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। অস্ত্র আইনে দ্ইুটি ধারার একটিতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অপরটিতে ১০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ব্যাব-৫, রাজশাহীর একটি দল ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর রাতে আসামি অস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে নগরীর আল রহমান হার্ডওয়্যার মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালায়। এ সময় মার্কেটের একটি কক্ষ থেকে শিবির নেতা সাইফুদ্দিন ইয়াহিয়াকে একটি পিস্তল, আট রাউন্ড গুলি, ১৩টি ককটেল এবং দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
পরে র্যাব-৫, রাজশাহীর ডিএডি আলতাফ হোসেন বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। চার্জশিটে ৭ জনকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় ১৯ জনকে সাক্ষী করা হয়। এর মধ্যে ১৮ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
মামলায় বাদী পক্ষে ছিলেন বিশেষ পিপি এনতাজুল হক বাবু এবং আসামি পক্ষে ছিলেন মিজানুল ইসলাম।