মিয়ানমারের সেনা কর্মকর্তাদের অ্যাকাউন্ট নিষিদ্ধ করছে ফেসবুক
মিয়ানমারের ২০ সেনা কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট অপসারণ করা হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক। ‘গণহত্যার অভিপ্রায়’ নিয়েই মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বলে সোমবার জাতিসংঘের ইন্ডিপেনডেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এক প্রতিবেদন প্রকাশ করার পর ফেসবুক কর্তৃপক্ষ এ তথ্য জানাল।
এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ পর্যালোচনার পর ‘বিদ্বেষমূলক এবং মিথ্যা তথ্য’ ছড়ানো ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমটি জানিয়েছে, ‘বিশেষ করে সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংসহ বার্মার ২০ জন ব্যক্তি ও সংগঠন এবং সেনাবাহিনী পরিচালিত মাইওয়াদি টেলিভিশন নেটওয়ার্ককে আমরা ফেসবুকে নিষিদ্ধ করতে যাচ্ছি।’
ফেসবুক কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ‘আমরা মোট ১৮টি ফেসবুক অ্যাকাউন্ট, একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ৫২টি ফেইসবুক পেজ যেগুলোর অনুসরণকারীর সংখ্যা ১ কোটি ২০ লাখ, সেগুলো সরিয়ে ফেলছি।’