অপো স্মার্টফোন বিস্ফোরণে তরুণ আহত
অপোর নতুন স্মার্টফোন পকেটে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ২৮ বছর বয়সী তরুণ। হঠাৎ বিস্ফোরণ! এরপরই সোজা হাসপাতালে। মঙ্গলবারের এ ঘটনাটি ভারতের হায়দরাবাদের বল্লারাম পুলিশ স্টেশনের কাছের। জানিয়েছে, ভারতীয় বার্তা সংস্থা এএনআইএ।
হায়দারাবাদের বল্লারাম পুলিশ স্টেশনের সার্কেল ইন্সপেক্টর রমেশ রেড্ডি জানান, ওই তরুণের নাম ইমরান। পুলিশ স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় তার পকেটে থাকা স্মার্টফোনটি বিস্ফোরণ হয়।
জানা গেছে, ইমরানের পকেটে ছিলো অপো এ৫ মডেলের সেট। ফোন বিস্ফোরণের পর তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পায়ের কাছে পুড়ে গেছে। মাথা ও থুতনিতেও গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
তবে ইমরান এখন আশঙ্কামুক্ত। তাকে ভারতের ভোক্তা অধিকার আদালতে অভিযোগ জানাতে পরামর্শ দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরম হওয়ার কারণেই স্মার্টফোনটি বিস্ফোরিত হয়েছে।
মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপো এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। তাদের দাবি, ‘ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় কাজ করে আসছি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা আরো উদ্যোগী হবো।’