হোসেনপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে মো. রাহুল মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার সিদলা ইউনিয়নের চরবিশ্বনাথপুর-ভাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল মিয়া (৭) ওই এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে রাহুল খেলা করছিল। একপর্যায়ে বর্ষার পানির ডোবায় সে পড়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন শিশুটিকে ডোবা থেকে উদ্ধার করে।
পরে শিশুটিকে চিকিৎসার জন্য হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলার সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সিরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।