muktijoddhar kantho logo l o a d i n g

হোসেনপুর

হোসেনপুরে মহাসড়কের পাশে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

হোসেনপুরে মহাসড়কের পাশে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মহাসড়কের পাশে থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গুরুতর আহত অবস্থায় আরেক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) ভোরে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের ডাহুরা গোলপুকুরপাড় মাদরাসা সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পুমদী ইউনিয়নের ডাহুরা গোলপুকুরপাড় সড়কের পশ্চিম পাশে এক ব্যক্তির মরদেহ এবং অপর এক যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা হোসেনপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

একই সঙ্গে আহত যুবককে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মাছ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। দুর্বৃত্তরা চলন্ত কোনো যানবাহন থেকে তাদের এখানে ফেলে যেতে পারে।

তিনি আরও বলেন, “মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।”

Tags: