মূল সংবাদে যান
০২ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে গাড়ি থামিয়ে তুলে নেওয়া নববধূ বললেন, ‘আমি এনেই থাকবাম’

প্রতিনিধি ৮০ বার পঠিত ২ মিনিটের পাঠ
হোসেনপুরে গাড়ি থামিয়ে তুলে নেওয়া নববধূ বললেন, ‘আমি এনেই থাকবাম’

কিশোরগঞ্জের হোসেনপুরে বরযাত্রীর গাড়ি আটক করে তুলে নেওয়ার অভিযোগ ওঠা নববধূ এক ভিডিও বার্তায় নিজের অবস্থান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি বলেছেন, “জোর কইরা হউক, নিজের ইচ্ছায় হউক- যেভাবেই আইছি, আইছিতো আইছিই। এহন এনেই থাকবাম।”

তিনি আরও বলেন, “আমি যদি এখন যাইও, আমার মান-সম্মান ফিরা আইবো না, আমার বাপ-মার মান-সম্মানও ফিরা আইবো না। তাই আমি এনেই থাকবাম।”

সোমবার রাতে ছড়িয়ে পড়া ভিডিওটিতে ওই নববধূকে কয়েকজন নারীর সঙ্গে একটি কক্ষে বসা অবস্থায় দেখা যায়। দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে তুলে নেওয়ার অভিযোগ ওঠা আতিকুর রহমান মিয়াদকেও।

তবে ভিডিওটি কোথায় বা কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে রোববার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় বরের মাইক্রোবাস থামিয়ে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে।

অভিযোগ ওঠা আতিকুর রহমান মিয়াদ জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের বাসিন্দা।

হোসেনপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব দেলোয়ার হোসেন রাজীব বলেন, আতিকুর রহমান মিয়াদ ছাত্রদলের কর্মী।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ বলেন, ঘটনাটি জেনে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল্লাহ কাইসার শহীদ বলেন, “মিয়াদ ছাত্রদলের কর্মী হলেও যা করেছে, তা অন্যায়। মেয়ের পরিবার আইনগত ব্যবস্থা নিলে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাব।”

হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে মামলা না হলেও পুলিশ মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তাকে উদ্ধার করা গেলে ঘটনাটির প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

ঘটনার পর থেকে মিয়াদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ফেইসবুক আইডিতে ‘জীবনে আর কিছু চাওয়ার নাই’ লেখা একটি পোস্ট দেওয়া হয়।