হোসেনপুরে ইটভাটায় দেয়াল ধসে দুই শ্রমিক নিহত
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটেরভাটায় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী এলাকার একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই ইউনিয়নের দক্ষিণ চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ উৎপল ও ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী এলাকার একটি ইটভাটায় সকাল থেকে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। বেলা ১২টার দিকে একটি দেয়াল ও দেয়ালের উপরে রাখা ইটের সারি ভেঙে চারজন শ্রমিকের ওপর ধসে পড়ে। এ সময় স্থানীয় লোকজন চারজনকে উদ্ধার করে।
তবে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আর আহত দুইজনকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।
হোসেনপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।