যুক্তরাজ্যে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে
যুক্তরাজ্যে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। রোববার দেশটি স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে মেট্রো অনলাইন এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে ৭১০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৫৮৫ তে পৌঁছেছে।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ইংল্যান্ডের ৬৫৭ জন, স্কটল্যান্ডের ২৪ জন, নর্দার্ন আয়ারল্যান্ডের ১১ জন এবং ওয়ালসের ১৮ জন রয়েছে।
এর আগে শনিবার যুক্তরাজ্যে করোনায় ৯১৭ জন এবং শুক্রবার ৯৮০ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। শুক্রবারই দেশটিতে করোনায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল।