মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কাশ্মীরে সেনা অভিযানে ৪ গেরিলা নিহত

ডেস্ক রিপোর্ট ৭২ বার পঠিত ৩ মিনিটের পাঠ

ভারতজুড়ে চলছে করোনা মহামারির প্রকোপ। এর মধ্যেই দিল্লির কেন্দ্রীয় সরকার কর্তৃক নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে তথাকথিত বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত রয়েছে। বুধবার সকালে রাজ্যের সোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে চার গেরিলা নিহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে নিরাপত্তা বাহিনী মেলহুরা গ্রামে গেরিলাদের উপস্থিতির খবর পায়। গোপনসূত্রে পাওয়া ওই তথ্যের ভিত্তিতে, সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, আধাসামরিক বাহিনী সিআরপিএফ এবং স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি সমন্বিত একটি যৌথবাহিনী সংশ্লিষ্ট গ্রামটি ঘেরাও করে এবং তল্লাশি অভিযান চালায়।

এসময় একটি বাড়িতে লুকিয়ে থাকা গেরিলারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। প্রথমে নিরাপত্তা বাহিনী তাদেরকে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু তা সত্ত্বেও গেরিলারা একনাগাড়ে গুলিবর্ষণ অব্যাহত রাখায় নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে জবাব দেয়।

এক পুলিশ কর্মকর্তা বলেন, সোপিয়ানের মেলহুরা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে মঙ্গলবার রাতে নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও ও তল্লাশি অভিযান চালায়। ওই কর্মকর্তা আরও বলেন, এসময় লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে জবাব দেয় এবং এ সময় চার সন্ত্রাসী নিহত হয়। নিহতরা কোন গোষ্ঠীর সদস্য তা জানার চেষ্টা চলছে।

গণমাধ্যমের একটি সূত্র বলছে, প্রাথমিকভাবে দুই গেরিলা নিহত হয়। পরে বেলা ১০টা নাগাদ মোট চার গেরিলা নিহত হয়। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।

এর আগে গত শনিবার (১৮ এপ্রিল) কাশ্মীরে গেরিলা হামলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছিল। ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে দুদিনের সফরে কাশ্মীরে অবস্থানকালে ওই হামলা চালানো হয়।

কাশ্মীরে এমন এক সময় এই হামলার ঘটনা ঘটলো যখন করোনাভাইরাসের সংক্রমণ সামলাতে হিমসিম খাচ্ছে ভারত। সেখানে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯৮৪ জন এবং সবমিলিয়ে মারা গেছে ৬ শতাধিক মানুষ। কাশ্মীর উপত্যকার বহু মানুষও করোনায় আক্রান্ত ও মারা গেছে বলে খবর পাওয়া গেছে।

সূত্র: পার্স টুডে