মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

লাদাখ সীমান্ত ‘পুরোপুরি নিয়ন্ত্রণে’, দাবি ভারতের

ডেস্ক রিপোর্ট ৬০ বার পঠিত ২ মিনিটের পাঠ

চীনের সঙ্গে একাধিক আলোচনার পর লাদাখ সীমান্ত ‘পুরোপুরি নিয়ন্ত্রণে’ রয়েছে বলে দাবি করেছেন ভারতের সেনা প্রধান জেনারেল এমএম নারাভানে। এনডিটিভি বলছে, এই আলোচনার জন্য ভারত আগে অনুরোধ জানায়।

শনিবার সকালে নারাভানে সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমি সবাইকে নিশ্চিত করে বলতে চাই আমাদের সীমান্তের সার্বিক অবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ক্রপ কমান্ডার পর্যায়ে আমরা একাধিক আলোচনা করেছি।’

ওদিকে দেশটির ইংরেজি গণমাধ্যম এনডিটিভি লিখেছে, পরিস্থিতি শান্ত করতে ভারতের পক্ষ থেকে চীনের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আলোচনায় বসার অনুরোধ জানানো হয়।

সেনা প্রধান নারাভানে বলছেন, ‘আলোচনায় অনেক বিষয় উঠে এসেছে। আমরা আশা করছি চলমান আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত থাকবে।’

ভারত-চীন সীমান্তের তিনটি সেক্টর সেই মে থেকে উত্তপ্ত ছিল। পশ্চিম ভাগে বা ওয়েস্টার্ন সেক্টরে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সংঘাতও হয়েছে। ‘ফিঙ্গার থ্রি’ ও ‘ফিঙ্গার ফোর’-এর মধ্যে রাস্তা তৈরির কাজে চীন প্রথম আপত্তি তোলে। একই সঙ্গে গালওয়ান ভ্যালির সঙ্গে সংযোগকারী রাস্তার কাজেও চীনের আপত্তি।

৫ মে রাতে পূর্ব লাদাখের প্যাঙ্গং লেকের কাছে চীন ভারতীয় সেনার নজরদারি বাহিনীকে বাধা দেয়।

উপগ্রহ চিত্রে দেখা গেছে, নিয়ন্ত্রণরেখার ওপারে চীন প্রায় হাজার দশেক সেনা মোতায়েন করেছে। তিব্বতের গারি গুনশা ঘাঁটিতে চলছে নির্মাণকাজ। সেখানে হাজির বেশ কিছু যুদ্ধবিমানও। একইভাবে ভারতও অতিরিক্ত সেনা পাঠায়।