করোনার নতুন ধরণে উদ্বিগ্ন বিশ্ব
বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকা প্রয়োগ শুরু হলেও নতুন করে আতঙ্ক ছড়িয়েছে করোনার নতুন একটি ধরণ। যুক্তরাজ্যে করোনাভাইরাসের একটি নতুন ধরণের সংক্রামক শনাক্ত হওয়ায় ইউরোপের বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটিতে করোনার নতুন যে ধরন শনাক্ত হয়েছে তা নিয়ন্ত্রণে নেই জানিয়ে সবাইকে নতুন কঠোর বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। বিবিসি।
রোববার হ্যানকক বলেন, করোনাভাইরাসের নতুন ধরণ দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় সরকারকে বড়দিনে বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা বাদ দিতে হয়েছে। নতুন এ সংক্রমণ আটকাতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনসহ দক্ষিণপূর্ব ইংল্যান্ডের বড় অংশজুড়ে এখন নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা আছে।
নেদারল্যান্ডসের পর বেলজিয়াম,আয়ারল্যান্ড, ইতালি, জার্মানি ও ফ্রান্সও যুক্তরাজ্যের ফ্লাইট বন্ধ করার ঘোষণা দিয়েছে। সর্বশেষ কানাডও দেশটির সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। নতুন ধরণের সংক্রমণ রোধে রোববার আন্তর্জাতিক সকল ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সৌদি আরব। এছাড়া স্থল ও সমুদ্র বন্দরের সকল প্রবেশও বন্ধ করা হয়েছে।
প্রাথমিকভাবে আগামী এক সপ্তাহ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ধারণা করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ নতুন সংক্রমণ রোধে আবার আগের চেয়ে কঠোর বিষিনিষেধ আরোপ করতে যাচ্ছে। ভাইরাসটির নতুন বৈশিষ্ট্য নিয়ে প্রাথমিক একটি বিশ্লেষণ প্রকাশিত হয়েছে এবং এতে ১৭টি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে বলে জানা যাচ্ছে।
বেলজিয়াম ইতোমধ্যে যুক্তরাজ্যের ফ্লাইট বন্ধ ঘোষনা করেছে। এছাড়া যুক্তরাজ্যের সঙ্গে ট্রেন যোগাযোগও বন্ধ করে দিয়েছে দেশটি। এদিকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত দেশটির সাথে সব ধরণের ফ্লাইট বন্ধ দিয়েছে ইতালি। অস্ট্রিয়া ও বেলজিয়ামও একই পদেক্ষেপ নিয়েছে। তুরস্ক আপাতত সব ধরণের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়েছে।