মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভারতে কোরআনের আয়াত নিষিদ্ধের দাবি খারিজ

ডেস্ক রিপোর্ট ৭৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের ২৬টি আয়াত নিষিদ্ধ ঘোষণার দাবিতে করা একটি জনস্বার্থ পিটিশন গতকাল সোমবার ভারতের সুপ্রিমকোর্ট সরাসরি খারিজ করে দিয়েছে। শুধু তাই নয়, এ রকম একটি ‘সম্পূর্ণ অর্থহীন’ পিটিশন দাখিল করার জন্য আবেদনকারী সৈয়দ ওয়াসিম রিজভিকে ৫০,০০০ রুপি জরিমানাও করা হয়েছে। খবর বিবিসি বাংলা।

খবরে বলা হয়, সৈয়দ ওয়াসিম রিজভি উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের একজন সাবেক চেয়ারম্যান এবং দেশের শিয়া মুসলিম সমাজের একজন প্রভাবশালী নেতা। গত ডিসেম্বরে তিনি কোরআনের বিশেষ কয়েকটি আয়াত অসাংবিধানিক ঘোষণার দাবিতে শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছিলেন। এই আয়াতগুলো মূল কোরআনের অংশ নয় বলেও পিটিশনে দাবি করা হয়েছিল। তার যুক্তি ছিল, এই আয়াতগুলো মুসলিম তরুণ প্রজন্মকে শিখিয়ে বিধর্মীদের, বিশেষত মূর্তিপূজায় বিশ্বাসীদের হত্যা করতে উৎসাহিত করা হচ্ছে। বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠী বিধর্মীদের ওপর হামলা চালানোর ‘সাফাই’ হিসেবে এ আয়াতগুলো কাজে লাগাচ্ছে বলেও যুক্তি দেওয়া হয়েছিল।

এমন প্রেক্ষাপটে গতকাল সুপ্রিমকোর্ট দিনের প্রথম শুনানিতেই তিনজন বিচারপতির বেঞ্চ আবেদনটিকে ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছেন। বেঞ্চের নেতৃত্বে ছিলেন জাস্টিস রোহিংটন নরিম্যান, তিনি এমনও প্রশ্ন তোলেন, ‘আবেদনকারী কি এই পিটিশন নিয়ে সত্যিই সিরিয়াস? আমরা তো বিশ্বাসই করতে পারছি না!’ অর্থহীন বিষয় নিয়ে মামলা রুজু করে আদালতের সময় নষ্ট করার জন্য আবেদনকারীর আর্থিক জরিমানা করারও সিদ্ধান্ত নেন শীর্ষ আদালত।