মূল সংবাদে যান
১৯ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ময়মনসিংহে গাছে বেঁধে মারধর, ইউপি মেম্বার গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট ৯৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

অটোরিকশা চোর সন্দেহে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় তিনজনকে গাছের গাছে সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তারা মিয়া (৪৫), একই এলাকার বাসিন্দা সাইদুর রহমান (৩৫) ও শামীম মিয়া (৩৫)।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রোববার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এনায়েতপুর ইউনিয়নের মাঝিরঘাট বাজার থেকে স্থানীয় সাইদুল ইসলামের একটি অটোরিকশা চুরি হয়। পরদিন সকালে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তারা মিয়া ও তার লোকজন একই এলাকার জুলহাস মিয়া (২৪), মো. বাবু (২২) ও রিপন মিয়াকে (২৫) বাড়ি থেকে ধরে নিয়ে আসেন। অটোরিকশা চোর সন্দেহে মাঝিরঘাট বাজারে একটি গাছের সঙ্গে বেঁধে তাদের মারধর করেন।

স্থানীয় চেয়ারম্যান বুলবুল হোসেন পরদিন বিকেলে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা অটোরিকশা চুরির কথা স্বীকার করেন। অটোরিকশা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাদের ছেড়ে দেয়া হয়।

ওসি বলেন, ওই তিনজনকে মারধরের একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ওই তিনজন থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

মোল্লা জাকির হোসেন আরও বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন বলেন, চুরির বিষয়টি স্বীকার করার পর অটোরিকশা ফিরিয়ে দেয়ার শর্তে ওই তিনজনকে ছেড়ে দেয়া হয়। তবে তাদের নির্যাতন করা হয়েছে কি না তা আমার জানা নেই।