মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

‘চেচনিয়া-আফগানিস্তানের চেয়েও ইউক্রেনে বেশি ক্ষতির মুখে রাশিয়া’

ডেস্ক রিপোর্ট ৭৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

ইউক্রেনে হামলার কারণে রুশ সেনারা চেচনিয়া, আফগানিস্তান ও ইরাক যুদ্ধের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার রাতে এক ভিডিও বক্তব্যে এ দাবি করেন তিনি।

জেলেনস্কি বলেন, সোভিয়েত সেনারা চেচনিয়া, সিরিয়া ও আফগানিস্তানে যত না ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার সেনারা ইউক্রেনে তার চেয়েও বেশি হতাহতের শিকার হয়েছেন।

এই বার্তা অনেক রাশিয়ানের শোনার কথা নয়, কারণ সেখানে যুদ্ধসংক্রান্ত তথ্য খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। খবর বিবিসির।

বিবিসি বলেছে, জেলেনস্কি রুশ সেনাদের ক্ষতির এ ধারণা কীসের ভিত্তিতে করেছেন তা অপরিষ্কার। তবে মার্কিন গোয়েন্দারা ধারণা করছেন সাত হাজারেরও বেশি রুশ সেনা ইউক্রেন অভিযানে নিহত হয়েছেন।

বিভিন্ন হিসাব অনুযায়ী, ১৯৭৯-৮৯ সালে আফগানিস্তানে প্রায় ১৫ হাজার সোভিয়েত সেনা নিহত হয়েছিল। চেচনিয়ায় অন্তত ১৩ হাজার এবং সিরিয়ায় কয়েকশ রুশ সেনা নিহত হয়েছিল।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলেছেন, ইউক্রেনে হামলায় সাত হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন।

তবে ইউক্রেনের দাবি, তাদের প্রতিরোধের মুখে রাশিয়ার ১৩ হাজার ৫০০ সেনা নিহত হয়েছেন। যদিও রাশিয়ার দাবি, তাদের ৪৯৮ সেনা প্রাণ হারিয়েছেন।

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৭২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও এক হাজার ১৭৪ জন।
জাতিসংঘ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়েছেন।

ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সংলাপ চালিয়ে যাওয়ার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে চলমান আলোচনা পরিষ্কার।