ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে নিহত ৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো শহরে গোলাগুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। নগরীর পুলিশ প্রধান ক্যাথি লেস্টার সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় রোববার রাতে শহরে কয়েক দফায় এ গোলাগুলি ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, রাত দুটার দিকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করে। চিকিৎসকরা জানান, তারা ঘটনাস্থলেই মারা গেছেন।
রোববার এক সংবাদ সম্মেলনে স্যাক্রামেন্টোর পুলিশ প্রধান ক্যাথরিন লেস্টার বলেন, মৃতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। বাকি ১২ জনকে আহত অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ক্যাথরিন এই বন্দুক সহিংসতাকে যুক্তরাষ্ট্রের জন্য সংকট হিসেবে বর্ণনা করেন। তবে গোলাগুলির কারণ সম্পর্কে তিনি কিছু জানাননি। তবে জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলাচলের জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রায়শই বন্দুক সহিংসতার ঘটনা ঘটে। দেশটিতে ২০২০ সালে দুই কোটি ৩০ লাখেরও বেশি বন্দুক বিক্রি হয়েছে, যা রেকর্ড সৃষ্টিকারী। দেশটির ৩০ শতাংশ প্রাপ্তবয়স্ক লোকের প্রত্যেকের কাছে অন্তত একটি করে আগ্নেয়াস্ত্র রয়েছে।