মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাশিয়ায় সেনা পাঠানোর ঘোষণা দিলো চীন

ডেস্ক রিপোর্ট ৩৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে গত ছয় মাস ধরে `বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এর মধ্যেই দেশটিতে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে চীন। মূলত যৌথ সামরিক মহড়ায় অংশ নিতেই রাশিয়ায় যাচ্ছে চীনের সেনারা। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চীন এবং রাশিয়া ছাড়াও যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তানসহ আরও বেশ কয়েকটি দেশ।

এর আগে গতকাল বুধবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা স্বাগতিক রাশিয়ার নেতৃত্বে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। যৌথ এই মহড়ায় চীনের অংশগ্রহণ ‘বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত নয়’ বলেও মন্ত্রণালয় বিবৃতিতে দাবি করেছে।

রাশিয়ার নেতৃত্বে আগামী ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ‘ভোস্তক’ নামের এই মহড়া অনুষ্ঠিত হবে। গত মাসে আনুষ্ঠানিকভাবে মস্কো ‘ভোস্তক’ (পূর্ব) মহড়ার এই পরিকল্পনা ঘোষণা করে।

রাশিয়া বর্তমানে ইউক্রেনে একটি ব্যয়বহুল যুদ্ধ চালাচ্ছে। তবুও মহড়ার পরিকল্পনা ঘোষণার সময় মস্কো জানায়, কিছু বিদেশি বাহিনী এই মহড়ায় অংশ নেবে। অবশ্য সে সময় রাশিয়ার বাইরে আর কারা এতে অংশ নেবে তা প্রকাশ করা হয়নি। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার সঙ্গে বেইজিংয়ের চলমান দ্বিপক্ষীয় বার্ষিক সহযোগিতা চুক্তির অংশ হিসেবে এই মহড়ায় অংশ নিচ্ছে দেশটি।