পাকিস্তানে আবারও পোলিও কর্মসূচিতে গুলি, ৭ পুলিশ সদস্য নিহত
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- বুধবার পাকিস্তানের ওরাঙ্গি শহরে কয়েকজন আজ্ঞাত বন্দুকধারী অতর্কিতে হামলা চালালে ওই সাত পুলিশ সদস্য নিহত হন। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী আসিফ জানিয়েছেন, ওরাঙ্গি শহরে একটি মার্কেটের পাশে ৬০০ মিটার দূরত্বে দুটি হামলা চালায় বন্দুকধারীরা।
তিন পুলিশ সদস্যের ওপর প্রথম হামলা চালানো হয়। তারা হেঁটে পোলিও টিমকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। দ্বিতীয় হামলা চালানো হয় পুলিশের একটি গাড়িতে। এতে চার পুলিশ সদস্য নিহত হন।
বিবিসি ও এক্সপ্রেস ট্রিবিউনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী আনওয়ার সিয়াল জানিয়েছেন, আট বন্দুকধারী এ হামলায় অংশ নেয়। একটি টিভি চ্যানেলকে তিনি বলেন, পোলিও-কর্মীদের বাঁচাতে আমাদের পুলিশ সদস্যরা তাদের জীবন উৎসর্গ করেছেন।
হামলার পর গুলিবিদ্ধ পুলিশ সদস্যদের আব্বাসি শহীদ হাসপাতালে নেওয়া হয়। এ হাসপাতালের কর্মকর্তা আবদুল করিম পুলিশ সদস্যদের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
হামলার পর পোলিও-কর্মীরা টিকা খাওয়ানো বন্ধ ঘোষণা করেন। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। সোমবার থেকে চার দিনব্যাপী ছয় জেলায় পোলিও টিকা খাওয়ানোর কার্যক্রম চলছে।
করাচির ১৮৮ ইউনিয়নে পোলিও টিকা খাওয়ানোর কার্যক্রমে কাজ করছেন ৬ হাজার ২০০ স্বাস্থ্যকর্মী। তাদের নিরাপত্তায় ৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
চলতি বছরের জানুয়ারি মাসে বেলুচিস্তানের কোয়েটায় পোলিও টিকা খাওয়ানোর সময় এক আত্মঘাতী হামলা হয়। ওই ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত হন ১৫ জন। পাকিস্তানের পোলিও-কর্মীদের ওপর তালেবান ও অন্যান্য মিলিশিয়া গোষ্ঠীগুলো প্রায়ই হামলা চালিয়ে থাকে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/20-04-2016/মইনুল হোসেন