রোজাদারদের সাথে ইফতার করলেন জার্মানির প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্কঃ বার্লিনের কয়েকশ’ রোজাদার মুসলমানের জীবনে অনেকদিন স্মরণীয় হয়ে থাকবে সোমবারের সন্ধ্যাটা৷ কারণ সেদিন তাদের সঙ্গে ইফতার করেছেন জার্মানির প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক৷
জার্মানির অভিবাসী মুসলমানদের শুধু প্রেসিডেন্টের সঙ্গে ইফতার করার আনন্দ নয়, এর চেয়েও বেশি কিছু এনে দিয়েছে ওই দিন।
মুসলিম শরণার্থীদের তিনি জানিয়েছেন, জার্মানি সব শান্তিপ্রিয় মানুষের। সুতরাং মুসলমান শরণার্থীরাও জার্মানিতে নিশ্চিন্তে থাকতে পারেন৷
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত প্রায় দেড় বছরে ১০ লাখেরও বেশি শরণার্থী এসেছে জার্মানিতে৷ আগত শরণার্থীদের বেশিরভাগই মুসলমান৷ বার্লিনেও অনেক মুসলমানের বসবাস৷
সেখানকার মোয়াবিট অঞ্চলে সোমবার এক ইফতার পার্টিতে গিয়েছিলেন জার্মানির প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক৷ শুধু ইফতার করাই নয়, মুসলিম শরণার্থীদের তিনি জানিয়েছেন, জার্মানি সব শান্তিপ্রিয় মানুষের। সুতরাং মুসলমান শরণার্থীরাও জার্মানিতে নিশ্চিন্তে থাকতে পারেন৷
মোয়াবিটের ইফতার পার্টিতে জার্মান প্রেসিডেন্ট আরো বলেন, ‘‘আজ এখানে যারা একত্রে ইফতার করছেন, তারা এক মনে এ কথাও ভাবতে পারেন – এক সঙ্গে বাস করা সত্যিই সম্ভব৷’’
প্রেসিডেন্ট গাউকের সঙ্গে তার জীবনসঙ্গিনী ডানিয়েলা শাটও গিয়েছিলেন বার্লিনের ইফতার পার্টিতে৷
জানা গেছে, জার্মানিতে শরণার্থীবিরোধী ডানপন্থি দল এএফডি জনমনে মুসলমানবিদ্বেষ আর আতঙ্ক ছড়াচ্ছে৷
গত রোববার অরল্যান্ডোয় সমকামীদের নাইটক্লাবে হামলা চালায় এক মুসলিম তরুণ৷ হামলাকারীসহ সেখানে মোট ৫০ জন নিহত হয়৷
তারপরই বার্লিনে ইফতার করতে গিয়ে গাউক বলেন, ‘‘কিছু মানুষের কাছে ইসলামি জঙ্গিবাদে আতঙ্ক আর মুসলিম-আতঙ্ক এক হয়ে যাচ্ছে৷ এটা ঠিক নয়৷ পরস্পরের প্রতি অবিশ্বাস উসকে দেয়ার এই সময়ে এমন সম্মীলন খুবই গুরুত্বপূর্ণ৷’’
জার্মানদের সঙ্গে শরণার্থীদের দূরত্ব ঘুচানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিতে গিয়ে গাউক বলেন, ‘‘দূরত্ব ঘুচানোর কাজে সহাবস্থান অনেক সময় দীর্ঘ আলোচনার বিকল্প হিসেবেও কাজ করে৷ বিশেষ করে যদি ধর্মের প্রধান এবং মৌলিক বিষয়গুলো মেনে চলে সবাইকে বলি, আমরা অন্যের কাছ থেকে যে ব্যবহার আশা করি, সেই ব্যবহার অন্যদেরও করব – তাহলেই কিন্তু অনেক কিছু অন্যরকম হয়ে যায়৷’’
পবিত্র রমজান মাসে ইফতারকে কেন্দ্র করে প্রসিডেন্ট গাউকের শুভেচ্ছা বিনিময় জার্মানিতে আগত মুসলিম শরণার্থীদের জন্য স্বস্তিদায়ক আশার দিগন্তু খুলে দিয়েছে বলে মনে করছেন সেখানকার শরণার্থীরা।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৫ -০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান