মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ১১০ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে পুলিশ
আন্তর্জাতিক ডেস্কঃ
মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ১১০ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। তবে আটককৃতদের ঠিক কতজন বাংলাদেশী তা নিশ্চিত হওয়া যায়নি।
অবৈধ অভিবাসীদের আটকে চলমান সাঁড়াশি অভিযানে তাদের আটক করা হয়।
ইমিগ্রেশন বিভাগে সদ্য যোগদানকারী মহাপরিচালক দাতুক মুস্তাফার আলীর নেতৃতে এ অভিযান চলে। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে অভিবাসন বিভাগের ৫০ জন কর্মকর্তার একটি টিম টানা ৫ ঘণ্টা এ অভিযান চালায়।
ইমিগ্রেশন সূত্রে জানায়, পুচংয়ের বন্দর বারুতে অভিযান চালিয়ে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও নেপালসহ বিভিন্ন দেশের ১১০ জন ‘অবৈধ’ শ্রমিককে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
জানা গেছে, আটককৃতদের কারও কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় সবাইকে আটক করে নিয়ে যায় ইমিগ্রেশন পুলিশ।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক বলেন, যারা অবৈধ পথে এসে মালয়েশিয়ায় অবস্থান করছে, তাদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না।
আর যারা বৈধ পথে এসে কোনো কারণবশত অবৈধ হয়ে গেছে, তাদেরকে রি-হায়ারিং প্রোগ্রামের আওতায় এনে বৈধকরণ করা হবে বলে জানান তিনি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ৩ – ০৮-২০১৬ ইং/মো:হাছিব